অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এসএসসি পরীক্ষায় জিপিএ–৪ অর্জন করেছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করা ইসরাত তিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

তিথি নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের কাজ বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইসরাত বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসে। এরপর স্বল্প সময়ের মধ্যে নতুন বিভাগে প্রস্তুতি নেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হন ইসরাত।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। ইসরাতের মেজ বোন সাফিনা সোমবার দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।

এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করত হতো ওকে।’

ফল প্রকাশের পর ফেসবুকে ইসরাত লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’