বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের বেতনের বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। ব্রিটিশ এই কোচের বেতন সময়মতোই তাঁর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ দুপুরে বাফুফে সাধারণ সম্পাদক মুক্তকণ্ঠকে জানান, "১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। সে ভাবেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।"
এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কোচ জেরার্ড জোন্স জানান, তিনি এখনো তাঁর বেতনের অপেক্ষায় আছেন। ওই পোস্টে তিনি তাঁর অসহায়ত্বের কথা উল্লেখ করে লিখেছেন, "স্ত্রী-সন্তানদের খাবারের টাকা পাঠাতে পারছি না।"
অনূর্ধ্ব-২০ দলের কোচের বেতন না পাওয়ার এই খবরটি সামনে আসার পর বাফুফে কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছে।