মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজের সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার—উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি শতভাগ সাফল্য অর্জন করেছে।

কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান এই সাফল্যের বিষয়ে বলেন, "এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।"

শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে তিনি আরও বলেন, "শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।"