কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান দখল করেছে ফেনী জেলা। অন্যদিকে, পাসের হার অনুযায়ী এই তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনী জেলা থেকে মোট ১৪ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ৬ হাজার ৪৭৪ জন। এছাড়া জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পাসের হারে ফেনী জেলা ৭২ দশমিক ৬২ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। এরপর যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া ৭১ দশমিক ৫০ শতাংশ, কুমিল্লা ৬৪ দশমিক ৭৮ শতাংশ, লক্ষ্মীপুর ৬৩ দশমিক ৯১ শতাংশ এবং চাঁদপুর ৬৩ দশমিক ৬৩ শতাংশ। আর সর্বনিম্ন ৫৯ দশমিক ৯৮ শতাংশ পাসের হার নিয়ে রয়েছে নোয়াখালী জেলা।

উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭৭ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে ফেনী জেলার শীর্ষে রয়েছে ফেনী সদর উপজেলা। দ্বিতীয় স্থানে ছাগলনাইয়া (৭৬ দশমিক ২৮ শতাংশ) এবং তৃতীয় স্থানে দাগনভূঞা (৭১ দশমিক ৬০ শতাংশ)। এছাড়া ফুলগাজী উপজেলায় ৭০ দশমিক ৬৯ শতাংশ এবং সোনাগাজীতে ৬৫ দশমিক ৩৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৫৫ দশমিক ১৬ শতাংশ পাসের হার নিয়ে তালিকার সবশেষে রয়েছে পরশুরাম উপজেলা।

জেলাজুড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এর মধ্যে হিছাছড়া হাইস্কুল, মমারিজপুর উচ্চবিদ্যালয়, হলি ক্রিসেন্ট স্কুল, ফেনী গার্লস ক্যাডেট কলেজ স্কুল শাখা এবং গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল অন্যতম।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সচেতনতার কারণেই ফেনী জেলা বোর্ডে শীর্ষস্থান অর্জন করতে পেরেছে।

শতভাগ পাস করা ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ এস এম ফয়সাল মুক্তকণ্ঠকে বলেন, “এটি পুরো ফেনী জেলার জন্য এক বিরাট অর্জন। নিয়মানুবর্তিতা ও একাগ্রতা বজায় রাখলে স্বল্প পাঠপরিক্রমাতেও চমৎকার সাফল্য অর্জন করা সম্ভব—এ ফল তারই প্রমাণ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একসঙ্গে চেষ্টা চালিয়ে গেলে ভবিষ্যতেও জেলাজুড়ে এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে।”