দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ জন পরীক্ষার্থীর সবাই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ অর্জন করেছেন। এবারের ফলাফলে মোট ২৮৩টি বিদ্যালয় শতভাগ পাস করেছে, অন্যদিকে ১৮টি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এই সামগ্রিক ফলাফলের মাঝে ২৪২ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে অনন্য কৃতিত্ব দেখিয়েছে চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
একই উপজেলার অন্যান্য স্কুলের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জনের মধ্যে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছেন। আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জনের মধ্যে ২০২ জন, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জনের মধ্যে ৬৫ জন এবং ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৯১ জনের মধ্যে ৬৬ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
সাফল্যের বিষয়ে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, "ছাত্রদের নিয়মিত অধ্যাবসায়ের পাশাপাশি শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এই ফলাফল অর্জিত হয়েছে।"