এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত একটি অফিসিয়াল তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হার শূন্য থাকা এই ১১টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তবে তাদের কেউই কৃতকার্য হতে পারেননি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ সাতজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন সাতক্ষীরার ‘নাইশা সেকেন্ডারি স্কুল’ থেকে।

পাসের হার শূন্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সাতক্ষীরার নাইশা সেকেন্ডারি স্কুল, মণিরামপুরের হেলানচি কৃষ্ণ বাটি সেকেন্ডারি গার্লস স্কুল, ডুমুরিয়ার কাটেঙ্গা সেকেন্ডারি স্কুল, শরণখোলার ডি. এন. একতা গার্লস হাই স্কুল, আশাশুনির গোদাড়া সেকেন্ডারি স্কুল, খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাই স্কুল, মণিরামপুরের চাঁদুয়া সমস্কাটি গার্লস হাই স্কুল, শার্শার শরৎতলা জুনিয়র গার্লস হাই স্কুল, দেবহাটার বাবুরাবাদ ধাপুখালী সেকেন্ডারি স্কুল, শার্শার মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. সেকেন্ডারি গার্লস স্কুল এবং শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী সেকেন্ডারি স্কুল।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য এসেছে, সেগুলোর বিরুদ্ধে বোর্ডের বিধি অনুযায়ী কারণ দর্শানো নোটিশ জারিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।