রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে থাকা আটটি জেলার মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বগুড়া জেলা। সোমবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডের প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া জেলা থেকে এবার মোট ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ওই জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। তৃতীয় স্থানে থাকা চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ১৩৮।

অন্যান্য জেলার পরিসংখ্যান অনুযায়ী, নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন। পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। সবশেষে সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৫৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।