ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা। নিহত ব্যক্তির নাম আক্কাস খান (৫৫)। গতকাল রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই দ্বন্দ্বের ফলে উভয় পরিবার সংঘাতের মুখে পড়ে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমের ওপর সজল খান, তাঁর বাবা সেলিম খান এবং ভাই শফিক খান নিজস্ব লোকজন নিয়ে হামলা চালান।

হামলার সময় জসিমের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা আক্কাস খান। এসময় হামলাকারীরা তাঁদের দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। গুরুতর আহত ছেলে জসিম খানকে বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।