ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় রোববার (৯ আগস্ট) বিকেলে বাড়ির সামনের সড়কে জসিমকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় জসিমের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা আক্কাস খানকেও বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে বাবা ও ছেলে উভয়েই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আক্কাস খানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে স্বজনরা জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আক্কাস খানের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে; তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।