জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলার ওই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে জামালপুরের কর্মস্থলে ফিরছিলেন। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে তাদের প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছামিউল হকের মৃত্যু হয় এবং চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।

পুলিশের তথ্যানুযায়ী, রডবোঝাই ট্রাকটির একটি চাকা পঙ্কচার বা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার কোনো সতর্ক সংকেত ছাড়াই ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এই সময়ে পেছন থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।