বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। যদিও পাসের হার বেড়েছে, তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
ফলাফলে উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। সার্বিক ফলাফলে দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান অধিকার করেছে পিরোজপুর জেলা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। তবে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে।
ফলাফলের সার্বিক চিত্রে দেখা যায়, বরাবরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।