চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরিসংখ্যান অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৪৫৩ জন। লিঙ্গভেদে দেখা গেছে, ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছরের ন্যায় এবারও ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে কিছুটা বেশি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।

বোর্ডের অধীন অন্যান্য চার জেলাতেও পাসের হার কমেছে। কক্সবাজারে এবার পাসের হার ৫৭ দশমিক ৩ শতাংশ (গত বছর ৭০ দশমিক ৭৬ শতাংশ), রাঙামাটিতে ৪১ দশমিক ১৭ শতাংশ (গত বছর ৫৬ দশমিক ৫৫ শতাংশ), খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯ শতাংশ (গত বছর ৬০ দশমিক ৭৭ শতাংশ) এবং বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ (গত বছর ৬৩ দশমিক ১২ শতাংশ)।

বিভাগীয় ফলাফলের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও অবনতি লক্ষ্য করা গেছে। এবার মাত্র ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যেখানে গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩টি। অন্যদিকে, এবার আটটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল একটি।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও, নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ ১০ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়েছে।