চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

অধিদপ্তরের একটি দল ওই ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালিয়ে চার পিস ইয়াবা বড়ি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এরপর তাকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

অভিযান প্রসঙ্গে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, "কচুয়া সিটি হসপিটালের ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজে মাদক সেবন করেন, এই তথ্যের ভিত্তিতে আজ আমরা এখানে অভিযান চালাই। অভিযানে তার বসবাসের যে রুম (প্রতিষ্ঠানের তিন তলায়) আমরা ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং চার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। এ ছাড়া ইয়াবা সেবনে ব্যবহৃত নানা উপকরণ আমরা জব্দ করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

চিকিৎসকদের পেশাদারিত্ব ও হাসপাতালের মালিকদের সতর্ক করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "কোনো চিকিৎসক যাতে এ ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত না থাকেন। জনগণ যাতে তাদের কাছে সঠিক সেবা পান। বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে, আমি এসব প্রতিষ্ঠানের মালিককে আহ্বান করব, আপনারা চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন।"

সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানে তার সঙ্গে পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে এর আগে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ এনেস্থেসিয়া প্রদান এবং যৌন হয়রানি ও ইভ-টিজিংয়ের মতো বিভিন্ন অভিযোগের তথ্য পাওয়া গেছে।