অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব গতকাল শনিবার নিউইয়র্কে নিজের বড় পরিসরের একক কনসার্টের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। প্রথমবার নাটকের এই তারকা বড় মঞ্চে গান পরিবেশন করেন। কনসার্ট ঘিরে ভক্তদের আগ্রহ ছিল ব্যাপক; টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ও ৩৭ হাজার টাকা হলেও হলরুম দর্শকে ভরে ওঠে—যা অপূর্বর কাছে ছিল ভিন্ন এক অভিজ্ঞতা।

অপূর্ব ও আয়োজকেরা নিউইয়র্কে এই আয়োজন বেশ আগেই ঘোষণা দিয়েছিলেন। নতুন পরিচয়ে দর্শকের সামনে গাইবেন—এমন প্রত্যাশা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। গতকাল একক মিউজিক্যাল শো শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে অপূর্ব লেখেন, ‘নিউইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করেছ, তুমি আমার হৃদয়ে!’

কনসার্টের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘মঞ্চে দাঁড়িয়ে দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা অনুভব করা আমার জন্য স্বপ্নপূরণের মতো মুহূর্ত।’ এই রাতের স্মৃতি তিনি আজীবন ধরে রাখতে চান বলেও জানান। নিউইয়র্কের দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, ‘যাঁরা এই আয়োজনকে সম্ভব করেছেন, সফল করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাই।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট ঘোষণার পর দর্শকের সাড়া পেয়ে আবেগাপ্লুত অপূর্ব লিখেছিলেন, ‘সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।’

অপূর্বর শৈশবের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। সেই সময় তিনি গানেরও চর্চা করতেন এবং একসময় গান করার ইচ্ছাও ছিল। তবে ভাগ্য তাঁকে অভিনয়ের জগতে নিয়ে আসে। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। জীবনের মতো ব্যক্তিগত জীবনেও তিনি কঠিন সময় পার করেছেন বলেও উল্লেখ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।