নাটোরে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া এলাকায় অবস্থিত ওই বাড়িতে এই ঘটনা ঘটে। এতে বাড়ির প্রধান ফটকের কাচ, সিসিটিভি ক্যামেরা এবং বাইরের আলোকসজ্জার বাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে একদল লোক ওই বাড়ির সামনে উপস্থিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মুখাবয়ব ঢাকা একদল যুবক বাড়ির ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা প্রাচীরের ওপর দিয়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। তবে এ বিষয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুসের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, অধ্যাপক আব্দুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই রাতে বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার পথে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, "লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"