নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি বিশেষ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

জারি করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে যে কমিটিগুলো গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে— সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।

সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। এছাড়া বিভিন্ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে।

অফিস আদেশে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। চিঠি পাওয়ার পরপরই প্রতিটি কমিটিকে সভা আহ্বান করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণের কথা বলা হয়েছে।