জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্য থেকে মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হক। রোববার (৯ আগস্ট) জাদুঘর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

মাওলানা মামুনুল হক বলেন, "প্রতিটি ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট দৃশ্যকে তার মূল চেতনাসহ ধারণ করা উচিত। ফ্যাসিবাদের সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি—সেটি হলো ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী মানুষের ভাস্কর্য থাকতে পারে না। সে জায়গা থেকে শাপলা চত্বরের শহীদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার পরামর্শ দিচ্ছি।"

জাদুঘরে প্রদর্শিত নির্যাতনের চিত্রগুলো প্রসঙ্গে তিনি বলেন, "ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের সামনে ভাস্বর হয়ে উঠেছে। কীভাবে মানুষের ওপর জুলুম-নির্যাতন ও পাশবিকতা পরিচালনা করা হতো, কীভাবে শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশের এই জনপদ থেকে মায়ের কোল খালি করে সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হতো এবং হত্যার পর সেই লাশের সঙ্গেও কী বর্বর আচরণ করা হতো—তার একটি ভয়াল চিত্র এখানে তুলে ধরা হয়েছে।"

বিকেএম আমির মনে করেন, এই জাদুঘর বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষের জন্য, বিশেষ করে রাষ্ট্রের শাসকদের জন্য একটি শিক্ষণীয় পাঠশালা। তার মতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের যে ভয়াবহ পৈশাচিকতা ও নির্মমতার নিদর্শন এখানে রয়েছে, তা যে কোনো বিবেকবান মানুষের হৃদয়কে ব্যথাতুর করবে।

জাদুঘরের নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাদুঘরকে আরও সুরক্ষিত করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও স্মৃতিচিহ্ন অত্যন্ত সাধারণভাবে প্রদর্শিত হচ্ছে এবং মূল্যবান জিনিস মানুষের হাতের নাগালে রয়েছে। একদিকে এগুলো মানুষকে দেখাতে হবে, অন্যদিকে এগুলোর সংরক্ষণের প্রতিও গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয়নি বলে মন্তব্য করে মামুনুল হক বলেন, "ইতিহাসকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দেওয়া দরকার। ইতিহাস অনেককেই অনেকভাবে চিত্রায়িত করবে। কোনো পক্ষের মুখের দিকে তাকিয়ে নয়, বরং সত্য ও বাস্তবতার ভিত্তিতে সঠিক ইতিহাস সংরক্ষণ করা দরকার।"

তিনি উল্লেখ করেন, ২০১৩ সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সারা দেশে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার পূর্ণাঙ্গ ইতিহাস এখানে সংরক্ষিত হয়নি। এছাড়া ২০১৫-১৬ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করার পর সারা দেশে যে আন্দোলন হয়েছিল, সেটিও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে তিনি জানান।

মাওলানা মামুনুল হকের দাবি, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ছিল শেখ হাসিনার শাসনামলের বড় আন্দোলনগুলোর একটি, কিন্তু তার উল্লেখযোগ্য কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। অথচ সেই সময়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনও জীবন্ত ইতিহাস হয়ে রয়েছেন।

১৯৭১ সালের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরতার স্মৃতিগুলো যেভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা হয়েছে, একইভাবে সীমান্ত হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতিগুলোও সংরক্ষণ করা দরকার। যদি সেখানে কোনো রাষ্ট্রের বর্বরতার প্রমাণ থাকে, সেটিও ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত হওয়া উচিত। কারও মুখের দিকে তাকিয়ে গৌরবোজ্জ্বল ও বেদনাবিধূর স্মৃতি সংরক্ষণ থেকে পিছিয়ে থাকা উচিত নয় বলে তিনি মনে করেন।

জাদুঘরে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, "জুলাই ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীজনদের যার যতটুকু ভূমিকা, সেভাবেই তাদের স্বীকৃতিটুকু দেওয়া দরকার। এ ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য করা হয়েছে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এটা কোনোভাবেই সমীচীন হবে না। আমি মনে করি, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে মনোযোগ দেবেন।"

ফেলানীর ছবি প্রসঙ্গে তিনি বলেন, "ফেলানীর ঝুলন্ত লাশের ছবির চেয়ে বড় ফ্যাসিবাদী নির্যাতনের ছবি আমাদের সামনে আসেনি। এই একটি দৃশ্য পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল। সেটি জাদুঘরে স্থান পাবে না—এটি কোনোভাবেই চিন্তা করা যায় না।"

পরিদর্শনকালে তার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।