বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে তার নাম চূড়ান্ত করেছেন বলে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে নীতিনির্ধারকদের কয়েকজনের সঙ্গে আলোচনা করেছেন। এসব আলোচনায় মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, দলীয় চেয়ারম্যান মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করেছেন। তবে দলের আরও কয়েকজন নেতা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তাদের এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।
কেন মির্জা ফখরুলকে বিবেচনা করা হচ্ছে, সে বিষয়ে বিএনপির নেতাদের ভাষ্য, এবার দলটি রাষ্ট্রপতি পদে একজন রাজনীতিবিদকেই দেখতে চায়, যিনি দলের ভেতর থেকে আসবেন। এই বিবেচনায় দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুলের নাম সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে দেশের রাজনীতির মাঠে দলের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি।
বিএনপির নেতাদের মতে, দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম সংগঠিত করা এবং দলের ভেতরে ঐক্য ধরে রাখার ক্ষেত্রে ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারপ্রাপ্ত মহাসচিব ও পরবর্তীতে মহাসচিব হিসেবে তার অবস্থান এবং দলের বাইরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিবেচনায় তাকে রাষ্ট্রপতি পদে সম্মান দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটের প্রয়োজন হবে না এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
তবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল দায়িত্ব নিলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হবে। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়া ফখরুল ২০১৬ সালে বিএনপির মহাসচিব হন।