চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাক্ষাতের সময় তিনি হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় ও আন্তরিকতা প্রকাশ করেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় গমন করেন।
মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীসহ শীর্ষ আলেমরা। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন, যার ফলে উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর নেন। এরপর দেশের সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা ও ফটিকছড়ির আশপাশের এলাকায় সকাল থেকেই উদ্দীপনামুখর পরিবেশ বিরাজ করে। এই সাক্ষাৎ ঘিরে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।