দেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
সচিব জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে দেশে নতুন ভোটারের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন বৃদ্ধি পেয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রাথমিক পরিকল্পনা ছিল অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করা। সেই লক্ষ্যেই ৩১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চেয়েছিল ইসি।
এ বিষয়ে আখতার আহমেদ বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের সময় পেছালে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে, সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।"
স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা প্রসঙ্গে জ্যেষ্ঠ সচিব আরও জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। তিনি জানান, নথিটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং কাজ শেষ হলে তা পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ প্রসঙ্গে আখতার আহমেদ উল্লেখ করেন, বিএনপির একটি প্রতিনিধিদল আজ এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র গ্রহণ করেনি।