দেশে হামের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত এই ছয়জনের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা।
রোববার (৯ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হামের পরিস্থিতির নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭৫ জন। সব মিলিয়ে হাম আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
বিভাগীয় হিসেবে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এছাড়া সিলেট বিভাগে ১২২, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৮৮ জন এসেছেন, যাদের মধ্যে ৯৩৮ জনকে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ৩১২ জন, চট্টগ্রামের হাসপাতালে ২৬০ জন, সিলেটে ৯১ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৬৬ জন, খুলনায় ৩৮ জন, রংপুরে ১৩ জন এবং রাজশাহীতে ২০ জন ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির মোট সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৩৮২ জনে পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বর্তমানে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের শরীরে।