গাইবান্ধার সাঘাটা উপজেলায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত সাইফুল্লাহ বারীর কবরের পাশে সমাহিত করা হয়েছে একই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মো. সালাউদ্দিনকে।

রোববার (৯ আগস্ট) সকালে বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে সালাউদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে বোনারপাড়া সরকারি কবরস্থানে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবরের পাশে সমাহিত করা হয়।

জানাজার নামাজ পড়ান জামায়াতে ইসলামীর সহকারী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও রংপুর উত্তরাঞ্চলের দায়িত্বশীল প্রতিনিধি অধ্যাপক মমতাজউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।

গত ২১ জুন বিকেলে সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্র করে বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হন শিবিরকর্মী মো. সালাউদ্দিন।

ঘটনার পর প্রধান অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। ২২ জুন শিবির নেতা সাইফুল্লাহর বাবা হাবিবুর রহমান সাঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ ও ১৪-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।