বিরোধীদলগুলো আগের মতো ভূমিকা পালন না করে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, "চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।"

দেশের বিদ্যমান সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে বলে জানান বিএনপির মহাসচিব। একই সঙ্গে বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, "তারা আগের হাসিনার ভাষায় কথা বলছে, সব সংকট এখনই সমাধান চান।"

সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রতি সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

লাভ শেয়ার বিডির অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় এবং ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি চা ঘর হস্তান্তর করা হয়। লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।