চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দৃঢ় অবস্থানের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়।
গতকাল শনিবার গভীর রাতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মাধবখালী সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটে বিএসএফ-এর ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে শূন্যরেখা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। সেই মুহূর্তে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির টহলদল তাঁদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।
এই বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির কঠোর অবস্থানের ফলে পুশ ইনের চেষ্টা চালানো ওই তিনজনকে শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের দিকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ভোর ৫টা ২০ মিনিটে তাঁরা ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যান। সকাল আটটার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর ফটক খুলে বিএসএফ-এর মেতেরী ক্যাম্পের সদস্যরা তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, "বিজিবির তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।"