বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি বাসের ধাক্কায় আবু হানিফা নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু হানিফা (৭০) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত নুরুল ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনের বাসটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি অটোরিকশাসহ বেশ কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষে অটোরিকশা চালক আবু হানিফাসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বাসের ব্রেকজনিত ত্রুটি ছিল নাকি চালকের অবহেলা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাসটি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"