রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করে দলটি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথকভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এই মনোনয়নপত্রগুলো কার জন্য সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ, একটি মনোনয়নপত্রে কোনো ভুল–ত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। সচরাচর ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী হওয়ায় এবং বিরোধী দলগুলো প্রার্থী না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না। তবে এবারের নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।