দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করতে ১১ দলীয় জোটের নেতাদের একটি বৈঠক চলছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকের সূচনা হয়। জোটের শীর্ষ নেতারা এই সভায় অংশ নিয়ে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়া বৈঠকে যোগ দিয়েছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
জোট সংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, সেই বিষয়েই আলোচনা চলছে বলে জানা গেছে।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার কথা ঘোষণা করে। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।