বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, "দক্ষিণাঞ্চলের বাসিন্দা হওয়ায় জলবায়ু পরিবর্তনের তীব্রতা আমরা সরাসরি উপলব্ধি করতে পারি। বৃষ্টি, রোদ ও তাপমাত্রার তারতম্যের পাশাপাশি সমুদ্রের পানির উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে, তার মধ্যে উপকূলীয় সাগরপাড়ের বাসিন্দারা অন্যতম।"
অনুষ্ঠানে সামাজিক বনায়ন ও সবুজায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। পরিবেশ রক্ষায় বন বিভাগের যেকোনো ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।