মুক্তকণ্ঠ ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এ সভা আয়োজন করে মুক্তকণ্ঠ ট্রাস্ট।
সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ে তিনি আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে কিছু পরামর্শ তুলে ধরা হলো।
ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা জীবন চলার পথে ভুল করতেই পারে, তাই বলে তাদের দূরে ঠেলে না দিয়ে মা-বাবাকে পাশে থাকতে হবে। কঠিন শাস্তি দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না। সন্তানের নেতিবাচক আচরণ শাসন দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে এবং মা-বাবার উদ্বেগের কারণটি তাকে বুঝিয়ে বলতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত সংবেদনশীল। তাই তাদের তির্যক সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে বলে তিনি মত দেন। ক্রমাগত খোঁচা দিয়ে কথা বললে মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব আরও বেড়ে যেতে পারে বলেও সভায় জানান তিনি। ফলে সংবেদনশীল আচরণের মাধ্যমেই সন্তানকে সঠিক পথ দেখানোর পরামর্শ দেন ডা. ফারজানা রহমান।