চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৪৯) ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন ধরে। সেই সময়ে নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামাল হোসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "জামালের ১ মেয়ে ও দুই ছেলে আছে।"

এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।