রাষ্ট্রীয় সফরে রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাঁর এই সফর চলবে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম কোনো মন্ত্রিসভা সদস্যের সরকারি সিঙ্গাপুর সফর।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

কর্মসূচির অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান পরিদর্শন করবেন।

বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যারা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নতুন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফরকে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।