মানিকগঞ্জের সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। জানা গেছে, সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের এক মাছ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কর্মরত ছিল। পরিবারের সঙ্গে না থেকে সিহাব তার নানার সঙ্গে একটি বাড়িতেই বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাব নিখোঁজ ছিল। রোববার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর পর সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, কিংবা এর পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"