গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা অবস্থায় তার বাবার জানাজায় অংশ নিয়েছেন। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে তাকে আট ঘণ্টার বিশেষ প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশি পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে কোটালীপাড়ায় আনা হয়। রাত ১১টার দিকে পৌর ভবন মাঠে অনুষ্ঠিত বাবার দ্বিতীয় জানাজায় তিনি উপস্থিত হন। জানাজা শেষে রাতেই তাকে পুনরায় কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মরহুম শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার আসরের নামাজের পর পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাত ১১টায় পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবার মরদেহ দেখে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা কামাল হোসেন কান্নায় ভেঙে পড়েন।

এই জানাজায় দলমত নির্বিশেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, "কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলাতেই গ্রেপ্তারের পর তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।"