সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রীতম। এই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর দিশেহারা হয়ে পড়া এই পরিবারের প্রীতমের বোনের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দিয়েছে দলটি।
গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর যতরপুর মৌবন এলাকায় প্রীতমের বাড়িতে যান জামায়াত নেতারা। সেখানে তারা প্রীতমের বাবার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "প্রীতমের একমাত্র বোন নগরীর কিশোরী মোহন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। প্রীতমই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই সড়ক দুর্ঘটনায় পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মেয়েটির শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিবেচনার জায়গা থেকে তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর জামায়াত।"
উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন নিহত হন। পরবর্তীতে গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।