ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে আসা বিএমএফ পরিবহনের বাসের সঙ্গে ইলিশ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে বিএমএফ পরিবহনের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া আরও ১০ যাত্রী হালকা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনায় আমরা গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। অন্যরা মারাত্মক আহত নন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।"