রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হিরা শেখ (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। নিহত হিরা শেখ গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত কামরুল ফকিরকে (৩৫) আটক করেছে। আজ দুপুর ১২টার দিকে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে হিরার বুকে চাকু বিদ্ধ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তাঁর স্ত্রী শামসুন্নাহার মুক্তা। তিনি বলেন, "হিরা তখন চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন।"
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাঁর বুক থেকে চাকুটি বের করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কামরুলের কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন হিরা। কিস্তিতে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে হিরা বাড়ি থেকে বের হলে কামরুল তাঁর পথ রোধ করেন। হিরার চাচা ও স্থানীয় শিক্ষক রবিন নুরতাজ জানান, বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল ধারালো চাকু দিয়ে হিরার বুকে আঘাত করে পালিয়ে যান।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলব্রিজ পর্যন্ত এলাকায় মাদকের কারবার চলে। তাঁদের দাবি, নিহত হিরা ও আটক কামরুল—দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, "ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"
ওসি আরও বলেন, "প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মাদকের টাকা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।"