জাপানে দলের সাথে অনুশীলনের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ফিজির রাগবি খেলোয়াড় সাইমোনি ভুনিলাগি মারা গেছেন। তার বয়স ছিল ২৬ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর কারণ হিটস্ট্রোক বলে ছড়িয়ে পড়লেও, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

জাপানের দ্বিতীয় বিভাগের ক্লাব কিউশু কেভি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার অনুশীলনের পর অসুস্থ হয়ে পড়েন ভুনিলাগি। এরপর তাকে ফুকুওকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ক্লাব কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তির সময় তার মধ্যে "গুরুতর হিটস্ট্রোকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ ছিল।" উল্লেখ্য, ওই দিন ফুকুওকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

১ দশমিক ৯৬ মিটার উচ্চতার ভুনিলাগির ওজন ছিল ১১৭ কেজি। জাপানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই ফরোয়ার্ড ২০২৩ সালে পেশাদার রাগবিতে ক্যারিয়ার শুরু করেন। নতুন মৌসুমের আগে সম্প্রতি তিনি কিউশু কেভিতে যোগ দিয়েছিলেন।

ক্লাবটি আরও জানিয়েছে, "ভুনিলাগির আকস্মিক মৃত্যুতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাই শোকাহত।"

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপানে তীব্র গরম অনুভূত হচ্ছে। দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১৮ হাজার ৬০০ মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে।