বাংলাদেশে স্মার্টফোন গ্রাহকদের জন্য স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।’ সম্প্রতি উন্মোচিত স্লিম ও স্টাইলিশ এই ডিভাইসটিতে শক্তিশালী স্টোরেজ এবং বিল্ট–ইন এআই টুলস রাখা হয়েছে। নতুন এই স্মার্টফোনটি তিনটি রঙে বাজারে এসেছে, যার দাম শুরু হচ্ছে ৪৮ হাজার ৯৯ টাকায়।
স্যামসাংয়ের মতে, গ্যালাক্সি এ২৭ ৫জি পাতলা ও হালকা কাঠামোর ফলে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা দেবে। প্রাণবন্ত পর্দার মাধ্যমে পড়া, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে স্বস্তিদায়ক অনুভূতির কথা বলা হয়েছে। ডিভাইসটিতে দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং পর্যাপ্ত মেমোরির সমন্বয় থাকার কথাও জানানো হয়েছে, যা ল্যাগমুক্ত ভিডিও কল এবং গেমিং অভিজ্ঞতায় সহায়তা করবে।
স্মার্টফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যাঁদের বাড়তি জায়গার প্রয়োজন, তাঁরা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। এর ফলে ছবি, ভিডিও এবং দরকারি ফাইল সংরক্ষণ সহজ হবে বলে উল্লেখ করা হয়েছে।
দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জিতে ‘অসাম ইন্টেলিজেন্স’–এর বিভিন্ন টুলস ও গুগল জেমিনাই যুক্ত করা হয়েছে। দ্রুত অনুসন্ধান ছাড়াও ছবি এডিট এবং তাৎক্ষণিক সহায়তার জন্য স্মার্ট এআই টুলের একটি পূর্ণাঙ্গ প্যাকেজ থাকার কথা বলা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জিতে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) হালনাগাদ এবং ছয় বছরের নিরাপত্তা হালনাগাদের নিশ্চয়তা দিয়েছে। সঙ্গে স্যামসাংয়ের বিল্ট–ইন ‘নক্স সিকিউরিটি’ও থাকছে। ফলে ফোনটি দীর্ঘ মেয়াদে দ্রুতগতির ও আপডেটেড থাকবে, পাশাপাশি সুরক্ষার দিক থেকেও নিশ্চিন্ত থাকার দাবি করা হয়েছে।
কালো, হালকা সবুজ এবং হালকা গোলাপি—এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি এখন সারা দেশে স্যামসাংয়ের সব অনুমোদিত শাখা ও পার্টনারদের খুচরা বিক্রির দোকানগুলোয় পাওয়া যাচ্ছে।