ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচিতে তাঁর সাথে উপস্থিত থেকে একটি গাছের চারা রোপণ করেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচিগুলো শুরু হয়। চিকিৎসক সমাবেশের শুভ সূচনার মুহূর্তে শান্তির প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ, মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।