ভোলার মনপুরা উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগের নিরাপত্তাকর্মীরা। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আদালতের মাধ্যমে তাদের চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন মো. বেল্লাল, মো. জিহাদ ও মো. হাছান। তারা উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার করছিলেন ওই তিন জেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। শুক্রবার বিকেলে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়। এরপর শনিবার সকালে আদালতের নির্দেশে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার জানান, "তিন জেলেকে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় আটক করা হয়।"
উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটককৃত তিনজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "বিষ দিয়ে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বন বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।"