মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি জমি থেকে ১০টি ল্যান্ডমাইন এবং পাঁচটি ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকালে স্থানীয়রা ওই জমিতে কাজ করার সময় মাটির নিচে এসব বস্তু দেখতে পান এবং দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় এই বস্তুগুলো পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে পৌঁছে সেগুলো উদ্ধার করে।
এলাকার বাসিন্দাদের ধারণা, উদ্ধারস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, সেই সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।
ঘটনা প্রসঙ্গে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"