সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আব্দুল মান্নান নামের এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয়রা। এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে। আটককৃত আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। জানা গেছে, ভুক্তভোগী নারী ও মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ওই নারীর বাড়ি ঘেরাও করেন। এসময় ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে বস্ত্রহীন অবস্থায় তাকে বাইরে আনা হয়। এরপর তাকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।
ভুক্তভোগী নারী দাবি করেন, অভিযুক্ত মান্নান বিভিন্ন সময়ে তার বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজার পৌঁছে দেওয়ার অজুহাতে ঘরে ঢুকলে স্থানীয়রা তাদের আটক করেন।
শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিষ্পত্তি করে তাদের সরিয়ে নেন।
এই বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত মান্নানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ জুলাই এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।