কিছু জায়গার সঙ্গে জড়িয়ে থাকে গভীর ব্যক্তিগত স্মৃতি, যা মানুষকে বারবার সেখানে টেনে নিয়ে যায়। মুক্তকণ্ঠর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’-র নিয়মিত বিভাগ ‘ফিরে ফিরে যাই’-তে এবার তার প্রিয় ভ্রমণস্থলের অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
ভ্রমণপিপাসু সুনেরাহর সবচেয়ে প্রিয় গন্তব্য থাইল্যান্ড। কাকতালীয়ভাবে, এই সাক্ষাৎকারের সময় তিনি শুটিংয়ের কাজে থাইল্যান্ডেই অবস্থান করছিলেন। ফি ফি আইল্যান্ড এবং কো সামুইয়ের মতো সমুদ্রসৈকতগুলো তার কাছে পুরোনো বন্ধুর মতো মনে হয়।
থাইল্যান্ডের প্রতি এই আকর্ষণের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এখানকার মানুষকে আমার খুব নিরাপদ ও সহায়তাপরায়ণ মনে হয়। তাদের সংস্কৃতিও আমার ভালো লাগে। আর থাই খাবার তো আমার ভীষণ প্রিয়।"
ছোটবেলায় পরিবারের সঙ্গে প্রথমবার এই দেশে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে প্রথমবারের মতো একা থাইল্যান্ড ভ্রমণ করেন। এরপর থেকে যখনই অবসরের প্রয়োজন হয় বা হাতে কিছু সময় থাকে, তখনই তিনি এই দেশে ছুটে আসেন। এখন পর্যন্ত ১০ বারের বেশি তিনি এখানে ভ্রমণ করেছেন।
সমুদ্রসৈকতের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো তার কাছে সবচেয়ে স্মরণীয়। প্রথমবার একা ভ্রমণের সেই মুহূর্তটি মনে করে তিনি বলেন, "প্রথমবার একা এসে দীর্ঘ সময় সমুদ্রের পাড়ে বসে ছিলাম। সেই অনুভূতি ছিল দারুণ! অনেকক্ষণ ঢেউ দেখেছি, গান শুনেছি। ভিডিও কলে আম্মুর সঙ্গে কথা বলছিলাম। সেই মুহূর্তগুলো এখনো খুব স্পষ্ট মনে আছে।"
সুনেরাহর মতে, থাইল্যান্ড তার কাছে একটি ‘হিলিং’ বা নিরাময়ী জায়গা। প্রথমবার যাওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি এই দেশে অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন। বিশেষ করে অবকাঠামো, রাস্তাঘাট, শপিং মল এবং প্রযুক্তির উন্নতি তাকে মুগ্ধ করেছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং মানুষের সহায়তার মানসিকতাই থাইল্যান্ডকে তার কাছে বারবার ফিরে আসার এক আদর্শ স্থানে পরিণত করেছে।
সাক্ষাৎকার: সামির আলম