ইংল্যান্ডের ফুটবলে অভিজ্ঞতার পরিধি বাড়াতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকলেও, নিয়মিত খেলার সুযোগ এবং অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ধারে অন্য ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় তিনি হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই কাটাবেন। বোরহাম উডে তিনি ২০ নম্বর জার্সি পরবেন। দলের আক্রমণভাগে গতি ও ধার বাড়াতে নতুন কোচ লুক গ্যারার্ড তরুণ এই উইঙ্গারের ওপর আস্থা রেখেছেন। উল্লেখ্য, গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল বোরহাম উড। আজ ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে দলটি।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এরপর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করেন এই তরুণ ফুটবলার।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন ফারহান। প্রিমিয়ার লিগ-২-এ অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি, যেখানে ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গত নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ-২-এর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।
অনূর্ধ্ব-২১ পর্যায়ে সাফল্যের পর এবারই প্রথম সিনিয়র ফুটবলের স্বাদ পেতে যাচ্ছেন ফারহান। বিশেষ করে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে রক্ষণ ভেঙে ফেলার দক্ষতায় তিনি নজর কেড়েছেন ফুটবল মহলে।
এদিকে আন্তর্জাতিক ফুটবলেও ফারহানকে নিয়ে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে তিনি ইতিমধ্য়েই সম্মতি জানিয়েছেন। বর্তমানে তাঁকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী সেপ্টেম্বরেই ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চায় বাফুফে।