রাজধানীর বায়ুমানে আজ কিছুটা উন্নতির আভাস পাওয়া গেলেও তা এখনো পুরোপুরি স্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়নি। সকাল থেকে হালকা বৃষ্টির ফলে বাতাসে জমে থাকা ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ হ্রাস পেয়েছে, যার ফলে দিনের শুরুতে ঢাকার বায়ুমান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, হালকা বৃষ্টির প্রভাবে ঢাকার বাতাস আজ মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে অবস্থান করছে। বর্তমানে বায়ুদূষণের তালিকায় উগান্ডার কামপালা শীর্ষে রয়েছে এবং ঢাকা অবস্থান করছে ২৪ নম্বরে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় বায়ুর মান ১০১ থেকে ১৫০ স্কোরের মধ্যে।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এই হিসেব অনুযায়ী, ঢাকার বর্তমান দূষণ স্কোর ৭৬, যার অর্থ রাজধানীর বায়ু এখন মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।