রাজবাড়ীর সদর উপজেলার পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়েছে সাত কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ। মাছটি ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছের আড়তে নিলামের মাধ্যমে ১৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী ইউনুচ মণ্ডলের আড়তে শিকারি আলী বিশ্বাস মাছটি নিয়ে আসেন। বড় আকারের বোয়ালটি আড়তে পৌঁছানোর পর সেখানে ক্রেতা এবং উৎসুক মানুষের ভিড় জমে যায়। মাছটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
নিলামে মাছটির দাম প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা পর্যন্ত ওঠে। শেষ পর্যন্ত সাত কেজি ওজনের এই বোয়ালটি ১৫ হাজার ৪০০ টাকায় কিনে নেন ধাওয়াপাড়া ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান।
মাছ শিকারি আলী বিশ্বাস জানান, "রাতে বড়শি পদ্মা নদীতে ফেলে বসে ছিলাম। মাঝরাতে হঠাৎ বুঝতে পারি, বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে। এরপর অনেক কষ্ট করে বড়শিটি টেনে উপরে তুলে নিয়ে আসি। তখন দেখতে পাই, বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।"
স্থানীয়দের মতে, বড়শিতে সাধারণত এত বড় বোয়াল মাছ খুব একটা ধরা পড়ে না। বড়শি দিয়ে এ ধরনের বড় মাছ তোলা বেশ কষ্টসাধ্য এবং মাছটি ছুটে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই এমন বড় বোয়াল ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়।
মাছটির ক্রেতা ব্যবসায়ী শাহজাহান বলেন, "প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে মাছটি বিক্রি করার আশা করছি।"