কানাডার টরন্টো থেকে যাত্রী নিয়ে ঢাকার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়েছে। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বৈশ্বিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি৩০৬ ফ্লাইটটি পরিচালিত হচ্ছে, যার যাত্রী ধারণক্ষমতা তিন শ'। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আট ঘণ্টা উড়াল দিয়ে শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, রোমে অবস্থানরত বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। এই ফ্লাইটের নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট বেলা ১টা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

রোমে আটকা পড়া বিজি৩০৬ ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে বিমান কর্তৃপক্ষ বলেছে, "এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।"