ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ ধারে যোগ দিয়েছেন ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাব বোরহ্যাম উডে। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলবেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফারহানের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছে বোরহ্যাম উড। নতুন ক্লাবে তিনি ২০ নম্বর জার্সি পরবেন বলে জানানো হয়েছে।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান বাংলাদেশি বংশোদ্ভূত। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দিয়ে তিনি নিজেকে ক্লাবটির অন্যতম সম্ভাবনাময় প্রতিভায় পরিণত করেন। ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেছিলেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করে সবার নজর কাড়েন এই উইঙ্গার।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ফারহান। প্রিমিয়ার লিগ টু-তে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই ধারাবাহিক পারফরম্যান্স দেখান তিনি। ২০২৫-২৬ মৌসুমে ৬টি গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন ফারহান। এছাড়া নভেম্বরে দুই ম্যাচে তিনটি গোলে অবদান রেখে প্রিমিয়ার লিগ টু-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পান এই তরুণ ফুটবলার।
আন্তর্জাতিক অঙ্গনে ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফারহান। বর্তমানে তাকে বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতির পাশাপাশি একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরির ক্ষমতা তার অন্যতম বড় শক্তি।
বোরহ্যাম উডের সঙ্গে এই ধারের চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো নিয়মিত সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন ফারহান। তরুণ এই উইঙ্গারের সামগ্রিক বিকাশে এই পদক্ষেপটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।