ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকাগামী BG306 ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার ফলে ঢাকা-রোম-টরন্টোগামী BG305 ফ্লাইটের যাত্রাও পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, "BG306 ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়।"
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ চলছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি পুরোপুরি দূর করা এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর BG306 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটির হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে তারা জানিয়েছে।
এদিকে, রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের নতুন প্রস্থানকাল ৮ আগস্ট দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। এই ফ্লাইটের যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা সহায়তার জন্য যাত্রীদের ১৩৬৩৬ নম্বরে বিমান হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, "যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"