সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের আলফাত স্কয়ার থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলবে। এই প্রকল্পের অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) শহরের ১৪টি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে শুক্রবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে। পিডিবির সুনামগঞ্জ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
পিডিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সুনামগঞ্জ শহরের সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ফিডার ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে। এই কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে— শহরের পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিননগর (আংশিক), মুক্তারপাড়া, পৌরবিপণি, কালীবাড়ি, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট এলাকা ও এসপি বাংলো এলাকা।
বিষয়টি নিশ্চিত করে পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, "সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের জন্য বিদ্যুতের ফিডার স্থানান্তর করা হবে। এ কারণে আগামীকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৫টার মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।"